মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ সুবিধা কার্যকর করতে কিছুটা সময় লাগবে।
মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ছাড় পাবেন। শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে টিকিট সংগ্রহ ও ভ্রমণের সময় সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত কার্ড গ্রহণযোগ্য হবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, যাতে রেল আরও জনবান্ধব ও মানসম্মত হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামলাতে ৮৫-৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এটি সম্ভব হলে শিডিউল বিপর্যয় কমবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ার বাইরে টাকা না নেওয়ার অঙ্গীকার করেছে। প্রশাসন বিষয়টি কঠোরভাবে তদারকি করবে।
মন্ত্রী আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় চাপ তৈরি হয়। তবে নেওয়া প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।